২৮ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথচ আইনের তোয়াক্কা না করেই অস্থায়ী ক্যাম্পাসে চলছে অনেক বিশ্ববিদ্যালয়। আইন মানার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদারনীতির কারণেই এমনটি হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
জানা গেছে, এক যুগেও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি এমন ২৮টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইউজিসি। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই প্রভাবশালীরা জড়িত। ফলে আইন অমান্যকারী ঐসব বিশ্ববিদ্যালয়কে আইন মানতে বাধ্য করতে গিয়ে ইউজিসির কর্মকর্তারা নানা সময়ে হুমকির মুখে পড়ছেন। এখন কর্মকর্তারা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে প্রভাবশালী কে কে জড়িত আছেন।
ইউসিজির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ বলেন, যেসব বিশ্ববিদ্যালয় সাময়িক সনদ ও নবায়ন এই দুটি মিলিয়ে ১২ বছরেও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট আইন না মানা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের আয়-ব্যয়ের হিসাবও খতিয়ে দেখবে।