যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে ধেয়ে আসছে হারিকেন লরা
যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানার উপকূলে ধেয়ে আসছে হারিকেন লরা। এরইমধ্যে লরার আঘাতে লন্ডভন্ড হয়েছে কিউবা। মারা গেছেন অন্তত ২০ জন। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, লরার গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল (১৫০ কিলোমিটার)। পূর্বাভাসে বলা হয়েছে, 'লরা' ক্রমেই শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে। এছাড়া পরবর্তী চব্বিশ ঘণ্টায় এটি আরো শক্তিশালী রূপ ধারণ করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে লুইসিয়ানা দক্ষিণ-পশ্চিম ও টেক্সাস দক্ষিণ-পূর্ব এলাকার ৩০ মাইল পর্যন্ত প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। লরার প্রভাবে লুইজিয়ানা এবং টেক্সাসে ১১ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ২ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
টেক্সাসের গভর্নর জানিয়েছেন, হারিকেন লরার ভয়াবহতার মাত্রা চতুর্থ ক্যাটাগরি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এটি মোকাবিলা করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, টেক্সাসের বোমন্ত, গ্যাল্ভেস্টন এবং পোর্ট আর্থার শহর থেকে অন্তত ৩ লাখ ৮৫ হাজার মানুষ এবং লুইজিয়ানা থেকে ২ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।