পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু
পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের, চৌকি ছিল। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ।
চেয়ারম্যান বলেন, “বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
“নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।”
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। উদ্ধারকাজ পরিচালনা ও নিহতদের পরিচয় নিশ্চিতকরণের চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।”