শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে আরো ক্ষেপনাস্ত্র চাইছে ইউক্রেন

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মার্চ 2022, 03:58 দুপুর • 421 বার পঠিত
যুক্তরাষ্ট্রের কাছে আরো ক্ষেপনাস্ত্র চাইছে ইউক্রেন

রাশিয়ার আগ্রাসনের সময়সীমা বাড়ছে। বাড়ছে যুদ্ধের ব্যাপকতাও। এই অবস্থায় রাশিয়া যাদের হামলা করেছে সেই ইউক্রেন অস্ত্রে নিজেদের আরো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কাছে সামরিক চাহিদার তালিকা বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিনের জন্য দুই ধরনের ৫০০টি করে ক্ষেপনাস্ত্র চেয়েছে ইউক্রেন। 

এক নথির বরাত দিয়ে এই খবর দিয়েছে সিএনএন। ইউক্রেনের চাহিদার মধ্যে আছে বিমান ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র। সামরিক সহায়তা হিসেবে ইউক্রেন একটি তালিকা পাঠিয়েছে মার্কিন আইন প্রণেতাদের কাছে। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপনাস্ত্র এবং ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপনাস্ত্রের চাহিদা বেড়েছে।

নথি থেকে জানা গেছে, ওই দুই ধরনের ক্ষেপনাস্ত্র প্রতিদিন ৫০০টি করে চেয়েছে ইউক্রেন। আগের দেওয়া চাহিদার চেয়ে এবারের চাহিদা অনেক বেশি। 

রাশিয়ার চালিয়ে যাওয়া সামরিক হামলার মুখে অস্ত্র ঘাটতি দেখো দিতে পারে এই আশঙ্কায় ইউক্রেন থেকে চাহিদা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও নেটো কর্মকর্তাদের কাছে অবশ্য এই চাওয়া একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। তাদের দাবি, এরই মধ্যে যথেষ্ট সামরিক সহায়তা ইউক্রেনে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর কয়েকটি শহরের পতন ঘটে। রাজধানী কিয়েভও ঘিরে রেখেছে রুশ সৈন্যরা। 

রাশিয়ার ওই অভিযান শুরুর পর গেল ৭ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র ও নেটো সদস্য দেশগুলো প্রায় ১৭ হাজার ট্যাংক-বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ও দুই হাজার বিমান-বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে। নেটো ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও সরঞ্জাম সরবারহ বন্ধ হয়নি। রাশিয়ার হুমকির পরও পাইপলাইন খোলা আছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায় যে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা হিসেবে যে ৩৫ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তার সহায়তার অস্ত্রও গেল কয়েক দিনে দেশটিতে পৌঁছেছে। একশ কোটি ডলারের আরো দুটি প্যাকেজ সেখানে পৌঁছাতে শুরু করেছে।