যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি তরুণ নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের দুই তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
নিহত দুজন হলেন শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) ও শাকিল আলী (১৯)। শাহরিয়ার বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র। আর শাকিল ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র।
দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন ৫ বন্ধু। দুজন নিহত হন। অন্য তিনজন আহত হয়েছেন । এই তিনজন হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।
নিই জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে শুক্রবার রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর শাকিল মারা যান। আহত তিনজন ওই হাসপাতালেই রয়েছেন।
এই ৫ বন্ধু গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেন। তারা সেই রাতে একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
মেধাবী দুই তরুণকে হারিয়ে প্যাটারসন শহরের বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমেছে।