যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ যুবক পঙ্গু হয়ে গেছেন
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে পুলিশের একাধিক গুলিতে আহত কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেক পঙ্গু হয়ে গেছেন। তার পরিবার ‘অলৌকিক’ কিছু ঘটার আশায় রয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী বেনজামিন ক্রাম্প। সাংবাদিকদের বেনজামিন বলেন, অলৌকিক কিছু ঘটলেই কেবল জেকব ব্লেক আবার হাঁটাচলা করতে পারবেন। পুলিশের গুলিতে আহত হওয়ার দু’দিন পর ২৫ আগস্ট দুপুরে জেকবের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
২৩ আগস্ট কেনোশা শহরে জ্যাকব ব্লেক পুলিশের গুলিতে আহত হন। জেকব রাস্তার ধারে পার্ক করে রাখা তার গাড়ির ভেতর তিন সন্তানকে রেখে একটি প্রয়োজনে গিয়েছিলেন। ফিরে এসে গাড়ির দরজা খুলে চালকের আসনে বসার সময় পুলিশ পেছন থেকে ব্লেককে লক্ষ্য করে গুলি চালায়। গাড়িতে বসা জেকবের ৩, ৫ ও ৮ বছর বয়সী তিন ছেলের সামনে তাকে সাতবার গুলি করে পুলিশ।
এর মধ্যে অন্তত একটি গুলি তার মেরুদণ্ডে লেগেছে। ফলে তিনি পঙ্গু হয়ে গেছেন এবং চিকিৎসকদের আশঙ্কা, তিনি আর হাঁটাচলা করতে পারবেন না। শুধু তাই নয়, গুলিতে তার পাকস্থলি, বাহু, কিডনি ও লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মলাশয় ও ক্ষুদ্রান্ত্রের অধিকাংশই অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়েছে।
পুলিশ জানায়, তারা গৃহবিবাদের একটি ঘটনায় ওই জায়গায় যায়। তবে জেকবকে গুলি করার পেছনের কারণ কী ছিল তা এখনো জানায়নি পুলিশ। যে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা জ্যাকবকে গুলি করেছে, তাকে যেন গ্রেফতার এবং বিচারের আওতায় আনা যায়, সে জন্য চেষ্টা করে যাচ্ছেন তার আইনজীবীরা।
এদিকে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে আবারও উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র।