শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে গুলির ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 26 আগস্ট 2020, 09:50 সকাল • 231 বার পঠিত
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে গুলির ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ আহত হওয়ার ঘটনায় শুরু হওয়া বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে অঙ্গরাজ্যটির গভর্নর এরইমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

গত রবিবার সন্ধ্যায় উইসকনসিনের কেনোশা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছনে থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রবিবার রাতেই হাজারো মানুষ বিক্ষোভ করতে সড়কে নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। জারি হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করেই সোমবার রাতে আবারো সড়কে নামে বিক্ষোভকারীরা। কোর্টহাউসের সামনে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোতলও ছুড়ে মারে তারা। এর কিছুক্ষণ পরই সড়কে ন্যাশনাল গার্ড সদস্যদেরকে টহল দিতে দেখা যায়।

রবিবার রাতে কেনোসা শহরে গাড়িতে ওঠার জন্য ২৯ বছর বয়সী জ্যাকব ব্লেক যখন হেঁটে যাচ্ছেন তখন তাকে অনুসরণ করছে দুই পুলিশ সদস্য। ব্ল্যাক গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তার পিঠে গুলি করে পুলিশ। সে সময় গাড়ির ভেতরে বসে থাকা তার তিন সন্তান পুরো ঘটনা দেখতে পায়। সোমবার ব্লেকের বাবা জানিয়েছেন, তার ছেলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল আছে।