শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারীর তথ্য নতুন করে যাচাই–বাছাই

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 আগস্ট 2025, 01:02 দুপুর • 352 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারীর তথ্য নতুন করে যাচাই–বাছাই

যুক্তরাষ্ট্রের প্রায় ৫ কোটি ৫০ লাখ বৈধ ভিসাধারীর তথ্য নতুন করে যাচাই–বাছাই করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ার মধ্যে দেখা হচ্ছে, কেউ অভিবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছে কি না, বা ভিসার শর্ত লঙ্ঘন করছে কি না।

গতকাল মার্কো রুবিও ঘোষণা দেন, আপাতত বিদেশি ট্রাকচালকদের জন্য কোনো নতুন কর্মভিসা দেওয়া হবে না। তিনি দাবি করেন, বিদেশি চালকেরা “মার্কিন নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং স্থানীয় চালকদের কাজ কেড়ে নিচ্ছে।”

পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসাধারীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। যদি দেখা যায়, কেউ ভিসার নিয়ম ভঙ্গ করেছে বা যোগ্য নয়, তাহলে ভিসা বাতিল করা হবে এবং যুক্তরাষ্ট্রে থাকলে দেশ থেকে বহিষ্কার করা হবে। খতিয়ে দেখা বিষয়গুলোর মধ্যে আছে—ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ বা সন্ত্রাসী সংস্থাকে সহায়তা করা।

দপ্তর জানিয়েছে, তারা আইনপ্রয়োগকারী সংস্থা, অভিবাসন নথি ও অন্যান্য তথ্য বিবেচনা করে। নতুন তথ্য পাওয়া গেলে তা ভিসা যাচাইয়ের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরুতেই বিপজ্জনক অপরাধীদের ওপর অভিযান চালানোর কথা বললেও বর্তমানে প্রতিদিন হাজার হাজার মানুষকে আটক করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের হিসাব অনুযায়ী, এভাবে চলতে থাকলে ২০২৫ সালে প্রায় চার লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করা হবে।

রেস্তোরাঁ, নির্মাণস্থল, খামারে অভিযান চালানো হচ্ছে, এমনকি আদালতে আইনি সহায়তার জন্য যাওয়া অভিবাসীদেরও আটক করা হচ্ছে। মানবিক ভিসা ও অস্থায়ী সুরক্ষা মর্যাদা কমানোর চেষ্টা চলছে, যা আগে কঠিন পরিস্থিতির মানুষের জন্য সুযোগ সৃষ্টি করতো।

বিদেশি শিক্ষার্থীরাও বাদ যাচ্ছেন না। চলতি বছরে ইতোমধ্যেই ৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। সরকারি দাবি, তারা আইন লঙ্ঘন করেছে বা সন্ত্রাসবাদকে সমর্থন করেছে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে, ফিলিস্তিন সমর্থন বা স্বাধীন মত প্রকাশের কারণে ভিসা বাতিল হয়েছে, এমনকি কোনো আন্দোলনে অংশ না নেওয়ার পরেও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে।