যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। এই সম্পর্ক উন্নয়নে উভয় রাষ্ট্রেরই মনযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি।
শুক্রবার সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন পুতিন। সেখানে সাংবাদিক তার কাছে বাইডেনের সাম্প্রতিক সতর্কবর্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, যা গত কয়েক বছর ধরে অবনতি হচ্ছে। বর্তমানে এটি তলানিতে এসে ঠেকেছে। আমি মনে করি, সাম্প্রতিক যে বৈঠক হবে, তাতে আমাদের উভয়েরই এই ব্যাপরে বিশেষ মনযোগ দেয়া প্রয়োজন।
জি৭ বৈঠক, ন্যাটো সম্মেলন ও ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ব্রিটেনে আছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।
সাত দিনের এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকেরও কথা আছে তার। জেনেভাতে হবে এই বৈঠক। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক উপস্থিতি, সাইবার হামলা বা হ্যাকিং এবং কারবন্দি অ্যালেক্সেই নাভালনির ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।