যুক্তরাষ্ট্র প্রযুক্তি ক্ষেত্রে বেইজিংয়ের বিরুদ্ধে সক্ষমতা বাড়াবে
প্রযুক্তি ক্ষেত্রে বেইজিংয়ের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে বিস্তৃত কর্মসূচি সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-৩২ ভোটে পাস হয় বিলটি।
নতুন এই বিলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও গবেষণা জোরদার করার জন্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার রাখা হয়েছে। এছাড়া সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদন ও গবেষণায় খরচ করতে অতিরিক্ত আরও ৫৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার কথাও বলা হয়েছে। তবে চীনের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের এই বিলের বিপক্ষে ক্ষোভ এবং বিরোধিতা প্রকাশ করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসে পাঠানোর আগে বিলটিকে এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হতে হবে। দু'কক্ষেই অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন এতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।
জানা গেছে, ওই বিলে চীনের প্রযুক্তি হুমকি মোকাবিলায় সরকারি ডিভাইসগুলোতে টিকটক অ্যাপ ডাউনলোড নিষিদ্ধ করা, চীন সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া কোম্পানিগুলোর বানানো ড্রোন না কেনাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে।
এছাড়া তাইওয়ানের কোনো কূটনীতিক বা সেনা সদস্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে সফরে গেলে নিজেদের পতাকা প্রদর্শন ও ইউনিফর্ম পরতে পারাসহ বেশ কিছু বিষয় ওই বিলে অন্তর্ভূক্ত করা হয়েছে।