যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে তীব্র দাবদাহ বইছে
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও কানাডাজুড়ে তীব্র দাবদাহ বইছে। পুরো ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্য এবং ক্যালিফোর্নিয়া ও আইডাহো অঙ্গরাজ্যের অংশবিশেষ গরমে পুড়ছে। এর মধ্যেই দাবদাহে মানুষের কষ্ট কমাতে জরুরি সেবার ব্যবস্থা নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, রোববার ও সোমবার দুই অঙ্গরাজ্যে সাম্প্রতিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হওয়ার কথা। শনিবার ওয়াশিংটনের সিয়াটল শহরে ১০১ ফারেনহাইট অর্থাৎ ৩৮ দশমিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে শঙ্কিত আবহাওয়াবিদরা। ওরেগন অঙ্গরাজ্যের মাল্টনোমাহ কাউন্টিতে ‘প্রাণঘাতী’ সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু শহরে ‘কুলিং সেন্টার’ খোলা হয়েছে। যাতে লোকজন সেখানে গিয়ে একটু তাপ থেকে বাঁচতে পারে।
ওয়াশিংটন, অরিগন, ইদাহোর আংশিক, উমিং ও ক্যালিফোর্নিয়ায় সপ্তাহজুড়েই তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দেশের সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় গত শনিবার। সপ্তাহজুড়ে এমন তাপ থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বিশেষজ্ঞেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন চূড়ান্ত অবস্থার ভয়াবহতা বাড়ে। ঠিক একটি ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়নের ঘটনার সংযোগ ব্যাখ্যা করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘূর্ণঝড় ও দাবদাহ সবই বাড়তে পারে।