শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র করোনার কার্যকরী ওষুধের প্রায় সবটা আগাম কিনবে

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2020, 03:00 দুপুর • 1,112 বার পঠিত
যুক্তরাষ্ট্র করোনার কার্যকরী ওষুধের প্রায় সবটা আগাম কিনবে

করোনায় কার্যকরী ওষুধ হিসেবে আগামীতে যত রেমডেসিভির সরবরাহ করা হবে, তার প্রায় শতভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেনা নিশ্চিত করেছে। কোভিড-১৯ চিকিৎসায় কার্যকরী ওষুধ হিসেবে গিলিয়াড সায়েন্সেসের তৈরি রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প গিলিয়াড সায়েন্সের সাথে ‘চমকপ্রদ’ এক চুক্তি চূড়ান্ত করেছেন, যার আওতায় গিলিয়াডের চলতি জুলাই মাসে উৎপাদন করা পাঁচ লক্ষ ডোজের শতভাগ এবং অগাস্ট ও সেপ্টেম্বরে উৎপাদিত ওষুধের ৯০ শতাংশ কিনে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে রেমডেসিভিরের পেটেন্টের মালিকানাধীন প্রতিষ্ঠানের – অর্থাৎ গিলিয়াড সায়েন্সের – আগামী তিন মাসের উৎপাদিত হতে যাওয়া রেমডেসিভিরের প্রায় পুরোটাই আগাম কিনে ফেলেছে দেশটি।

রেমডেসিভিরের পেটেন্টের মালিকানা গিলিয়াড সায়ন্সেস-এর, অর্থাৎ শুধুমাত্র তাদেরই এই ওষুধ তৈরির অধিকার রয়েছে। বলা হচ্ছে, এই ওষুধের প্রয়োগ বেশী অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময়কাল চার দিন পর্যন্ত কমাতে পারে।