যুদ্ধের হুমকি হিসেবে জরুরি অবস্থায় যাচ্ছে ইউক্রেন
রাশিয়ার পক্ষ থেকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা জের ধরে সৃষ্ট পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থা জারির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।- খবর বিবিসির।
এদিকে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি ড্যানিলোভ জানান, দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া অন্য সব অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হবে। ঐ দুই অঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।
আরো জানান, জরুরি অবস্থা জারির জন্য অবশ্যই ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। এ জরুরি অবস্থা ৩০ দিনের মতো থাকতে পারে।
রাশিয়া বলছে, তারা খুব শিগগির ইউক্রেনে নিযুক্ত তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেবে। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, তাদের দূতাবাস কর্মীদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে দূতাবাস এবং কনস্যুলেটে বার বার হামলার ঘটনা ঘটছে।
রাশিয়ার সঙ্গে উত্তেজনা শুরুর পর কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত লিয়েভ সীমান্তে দূতাবাস সরিয়ে নিয়েছে বেশ কিছু পশ্চিমা দেশ। এদিকে সম্প্রতি পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ঐ দুই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনা মোতায়েনের ঘোষণাও দেন তিনি।