যুদ্ধে জড়িয়ে পড়তে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান
যুদ্ধে জড়িয়ে পড়তে পারে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্স কাউন্সিল যে গ্লোবাল ট্রেন্ড রিপোর্ট প্রকাশ করে থাকে সেখানেই এমন তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন থেকে বুধবার ওই রিপোর্ট প্রকাশ করা হয়।
রিপোর্টে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অনিচ্ছা সত্ত্বেও বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও পাকিস্তান। একটি সন্ত্রাসী হামলার পর এ ধরনের যুদ্ধ বাঁধতে পারে ওই রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতে বিচারকদের ওপর সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এ ধরনের হামলার সক্ষমতা অর্জন, নয়াদিল্লির প্রতিশোধ আর ইসলামাবাদের প্রতিরক্ষা সব মিলিয়ে পাঁচ বছরের মধ্যেই ভারত ও পাকিস্তান যুদ্ধের ঝুঁকি বাড়ছে।
দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য অনিশ্চয়তার আরও একটি বড় কারণ হিসেবে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক নীতিমালাকে। প্রতিবেদনে বলা হয়, এর প্রভাব পড়বে আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশে, বিশেষ করে ভারত ও পাকিস্তানে।
এছাড়া পাকিস্তানের পশ্চিমে আফগানিস্তান, ইরান ও চীন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদ বাড়তে পারে এ সুযোগে। এটিও ভারত-পাকিস্তান বৈরিতা বাড়ার বড় কারণ হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। সঙ্গে আছে ভারত ও পাকিস্তানের সাধারণ সীমান্ত অঞ্চল কাশ্মীরে দেশ দুটির সেনাবাহিনীর আকস্মিক হস্তক্ষেপের শঙ্কা।