যুদ্ধে ইউক্রেনের আড়াই থেকে তিন হাজার সৈন্য মারা গেছে
সঠিক সংখ্যা তারও জানা নেই। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে তার দেশের আড়াই থেকে ৩ হাজার সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ১০ হাজার।
শুক্রবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংখ্যা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি অবশ্য গেল ৭ সপ্তাহের যুদ্ধকালীন সময়ে কতো শত বেসামরিক মানুষ রুশ হামলার কারণে মারা গেছেন সেই সংখ্যার কোনো হিসেব দিতে পারেননি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। এই সময়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমানও তো কম হওয়ার কথা নয়। জেলেনস্করি দাবি, এই যুদ্ধে এখন অব্দি রাশিয়ার ১৯ হাজার থেকে ২০ হাজার সৈন্য নিহত হয়েছে।
গত মাসে অবশ্য রাশিয়া বলেছিল, ইউক্রেনের যুদ্ধে তাদের ১৩৫১ জন সেনা মারা গেছেন। আহত হয়েছেন আরো ৩৮২৫ জন। কিন্তু কারো দাবি আসলে যাচাই করে দেখার উপায় নেই।
এদিকে রাশিয়া বেশ আগে থেকেই মারিউপোল দখল করার চেষ্টা করছিল। শহরটি অবরুদ্ধ করে রেখেছে তারা। ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অবরোধ ভাঙার চেষ্টা করছে।
যতটা জানা যায় তাতে দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরীটিতে লড়াই তীব্র হয়ে উঠেছে। শহরটিতে আগে ৪ লাখ মানুষ বসবাস করত। কিন্তু রুশ আক্রমণে সেটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জানা যায়। অবরুদ্ধ হয়ে থাকা শহরটিতে প্রায় লাখখানেক লোখ আটকে পড়ে আছে। মারিউপোলে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে বলে শোনা যায়।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘মারিউপোলের পরিস্থিতি অত্যন্ত জাটিল ও কঠিন। এই মুহূর্তেও লড়াই চলছে। শহরটিতে তাণ্ডব চালাতে রাশিয়ার সেনাবাহিনী ধারাবাহিকভাবে অতিরিক্ত ইউনিটগুলোকে মোতায়েন করে চলছে।’
তাদের দাবি, রাশিয়া শহরটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি।