যুদ্ধবিধ্বস্ত দেশে অর্থনীতির চাকা সচল করেছিলেন বঙ্গবন্ধু: পলক
বঙ্গবন্ধু ভাষা, সংস্কৃতি ও শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে ২৪ বছরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর একেবারে শূন্য হাতে যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশকে মাত্র সাড়ে ৩ বছরে ধ্বংস-প্রাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন, পোর্ট সচল করে অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন। আজ বৃহস্পতিবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশকে মাত্র ১০ মাসের মধ্যে বঙ্গবন্ধু রাষ্ট্রপরিচালনার মূল সংবিধান উপহার দিয়েছিলেন। বিশ্বের এখনো অনেক স্বাধীন দেশ আছে যাদের সংবিধান রচনা হয়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। কিন্তু ৭১’র পরাজিত ঘাতকেরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণকে নসাত করা জন্য ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত ২১ বছর বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ নাবিক বিহীন তরীর মত গন্তব্যে পৌছাতে পারেনি। বরং পেছনের দিকে চলেছে।