শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধ ও বাহিনী প্রত্যাহারে প্রস্তুত হামাস, চায় বন্দীমুক্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2025, 10:16 রাত • 228 বার পঠিত
যুদ্ধ বন্ধ ও বাহিনী প্রত্যাহারে প্রস্তুত হামাস, চায় বন্দীমুক্তি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় 'নমনীয়তা' দেখিয়েছে এবং একটি 'ব্যাপক চুক্তি' করতে প্রস্তুত রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে তারা এই বার্তা দেয়।

হামাস বলেছে, “যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে আমরা সব ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত।” বিবৃতিটি প্রকাশ করা হয় টেলিগ্রাম চ্যানেলে।

এছাড়া বিবৃতিতে গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনাকে 'দুঃসাহসিক' উল্লেখ করে হামাস হুঁশিয়ারি দেয়, এর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। তারা জানায়, "এটি কোনো বনভোজন হবে না। আমরা আত্মসমর্পণ করব না।”

এই বিবৃতিটি এসেছে এমন এক সময়, যখন ইসরায়েলি মন্ত্রিসভা অবরুদ্ধ গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

এদিকে জাতিসংঘ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইসরায়েলকে দ্রুত ওই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরিপন্থী, যেখানে ইসরায়েলকে অবিলম্বে দখলদারিত্বের অবসান ঘটাতে বলা হয়েছে।

ভলকার তুর্ক বলেন, “সম্মত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “এ পর্যন্ত পাওয়া তথ্য বলছে, গাজায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে ব্যাপকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি, হত্যাযজ্ঞ, মানবিক সংকট, ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের ঝুঁকি বাড়বে।”