যশোরে তুচ্ছ ঘটনায় দুই ভাই খুন
যশোরের চৌগাছা উপজেলায় প্রতিবেশী তিন ভাইয়ের হাতে খুন হলেন একই গ্রামের দুই ভাই। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান চৌগাছা থানার ওসি।
ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে।
যে দুজন মারা গেছেন তারা হলেন মৃত আব্দুর রহমানের দুই ছেলে আইয়ুব হোসেন খান (৬০) ও ইউনুস আলী খান (৫৫)। আইয়ুবের ছেলে আসাদুজ্জামান রনিও (৩০) হামলায় আহত হয়েছেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, জমিতে শ্রমিক ঠিক করা নিয়ে প্রতিবেশী মুকুল হোসেনের সঙ্গে ইউনুসের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুকুল তার দুই ভাই বিল্লাল ও বিপুলকে নিয়ে ইউনুসকে মারধর করেন। ইউনুস এর পর বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুক ও ভাতিজা রনিকে নিয়ে ফিরে আসেন। তারা প্রতিবাদ করলে ওই তিন ভাই ধারালো দা দিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেন।
ওই তিনজেনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আইয়ুব ও ইউনুসকে মৃত ঘোষণা করেন। পরে রনিকে যশোর জেলা হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, হামলাকারী তিন ভাই এলাকার আবজেল হোসেন খানের ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।