শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যৌন নিপীড়কদের আজীবনের জন্য বহিষ্কার: চবি উপাচার্য

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুলাই 2022, 06:05 বিকাল • 605 বার পঠিত
যৌন নিপীড়কদের আজীবনের জন্য বহিষ্কার: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেছেন, ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে। 

আজ শনিবার উপাচার্যের সম্মেলন কক্ষে সিনেট সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ‘‘আমি লজ্জার সাথে বলছি যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তিনজন আমাদের ছাত্র। ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে আজ অথবা কালকের মধ্যে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’’

উল্লেখ্য, গত ১৭ জুলাই ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নে জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব বলছে, গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয় ছাত্র দুজনের মধ্যে মোহাম্মদ আজিম (২৩) শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার ঘটনার ‘হোতা’। আজিম ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অন্যজন আবছার বাবু (২২) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

গ্রেপ্তারকৃত অন্য দুজন পাশের হাটহাজারী কলেজের ছাত্র। 

এই ঘটনায় মোট ছয়জনের জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানায় র‌্যাব।