যমুনার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 জুন 2022, 09:32 সকাল
•
234 বার পঠিত
টাঙ্গাইলের যমুনা নদীতে কয়েক দিন ধরে প্রচুর পরিমানে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার ১২টি উপজেলার নিম্নাঞ্চলে হু-হু করে প্রবেশ করতে শুরু করেছে বন্যার পানি। পানির তীব্র স্রোতে আঞ্চলিক ছোট-বড় রাস্তা-ঘাট ভাঙতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের মানুষ।
গত শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বৃদ্ধি পাচ্ছে যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি।
এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলে বাড়তে শুরু করেছে যমুনাসহ সকল আঞ্চলিক নদ-নদীর পানি। যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।