শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

যেভাবে আপনার পাপকে পুণ্যে পরিণত করবেন

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2021, 07:01 সকাল • 438 বার পঠিত
যেভাবে আপনার পাপকে পুণ্যে পরিণত করবেন

আর যারা আল্লাহ্‌র সাথে অন্য উপাস্যকে ডাকে না, আর ন্যায়ের প্রয়োজনে ব্যতীত যারা এমন কোনো  লোককে হত্যা করে না যাকে আল্লাহ্ নিষেধ করেছেন, আর যারা ব্যভিচার করে না। আর যে এসব করে সে পাপের শাস্তির সাক্ষাৎ পাবেই (সূরা ফুরকান, আয়াত: ৬৮)

এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন, যারা এই তিনটি কাজে, শিরক, হত্যা ও ব্যভিচারে লিপ্ত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের আবাসে তাদের চিরস্থায়ী বসত হবে এবং সেখানকার যাবতীয় শাস্তি তাদের জন্য বরাদ্দ করা হবে। আল্লাহ আমাদের জাহান্নামের সাজা থেকে হেফাজত করুন।

কিন্তু এর পরের আয়াতেই আল্লাহ বলেন, “ইল্লা” (إِلَّا) অর্থাৎ ব্যতিক্রম কিছু রয়েছে।

সুতরাং যারা পাপ করে ফেলেছে, আল্লাহ তাদেরকে বলছেন,

“আশাহত হয়োনা, আমার কিছু ব্যতিক্রম বা বিশেষ বিবেচনা রয়েছে।”

পাপ বা অপরাধ করার পর যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেনি বা তওবা করেনি, তারা নিশ্চিতরূপে ধ্বংসপ্রাপ্ত।

আর কিয়ামতের দিনে তার জন্য শাস্তি বাড়িয়ে দেওয়া হবে, আর সেখানে সে হীন অবস্থায় স্থায়ী হয়ে থাকবে। (সূরা ফুরকান, আয়াত: ৬৯)

কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন,

সে ব্যতীত যে তওবা করে এবং ঈমান আনে ও পুণ্য-পবিত্র কাজকর্ম করে। আল্লাহ্ তাদের মন্দকাজকে সৎকাজ দিয়ে বদলে দেবেন। আর আল্লাহ্ সতত পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। (সূরা ফুরকান, আয়াত: ৭০)

সুতরাং, পাপ করার পর আল্লাহর শাস্তি থেকে তারাই মুক্ত হতে পারে যারা ঐ পাপের জন্য আল্লাহর কাছে তওবা করেছে এবং এরপর সৎকাজ করেছে। উপরন্তু আল্লাহ আরো বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের পাপকর্মসমূহকে সৎকর্মে রূপান্তরিত করে দেবেন এবং তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন। শুধু দুইটি কারণে তারা এরূপ সম্মান অর্জন করবে।

১. ইসতিগফার ও ক্ষমা প্রার্থনা

২. ক্ষমা প্রার্থনা পরবর্তী সৎকাজ ও ঐ পাপটি আর না করার প্রত্যয়

যখন আপনি ক্ষমা প্রার্থনা করেন, তখন আপনাকে ক্ষমা করা হয়। কিন্তু ক্ষমা প্রার্থনার পর যখন আপনি উক্ত পাপ কর্ম থেকে নিজেকে ফিরিয়ে আনেন এবং ঐ কাজটি দ্বিতীয়বার আর না করার সংকল্প করেন, তখন আল্লাহ আপনার ঐ পাপ কাজটিকে পূণ্য দ্বারা পরিবর্তিত করে দেন।  

আমাদের অনেকেই হয়তো হজ্জ্ব করতে পারিনি বা হজ্জ্বে যাওয়ার সামর্থ্য আমাদের হয়নি। কিন্তু কিয়ামতের  দিন হয়তো আপনি আপনার আমলনামায় দেখতে পেলেন, আপনার নামে পাঁচটি হজ্জ্বের সওয়াব লিপিবদ্ধ আছে। আপনি হয়তো এমন অনেক পাপ করেছেন যার থেকে আপনি তওবা করার পর দ্বিতীয়বার ঐ কাজটি আর করেননি। এর মাধ্যমে আপনার নামে পাঁচটি হজ্জ্বের সওয়াব লিপিবদ্ধ হয়েছে।

সুতরাং, সঠিকভাবে তওবা অনেকসময় হজ্জ্বের তুলনায়ও অধিক মূল্যবান হয়ে ওঠে।  

আল্লাহ আমাদের সঠিকভাবে তওবার তওফিক দান করুন।