শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যেকোনো উপায়েই হোক করোনার টিকা সংগ্রহ করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 02 মে 2021, 03:37 দুপুর • 238 বার পঠিত
যেকোনো উপায়েই হোক করোনার টিকা সংগ্রহ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জীবন রক্ষায় যেকোনো উপায়েই হোক করোনার টিকা সংগ্রহ করা হবে। ‘আমরা আরো বেশি টিকা নিয়ে আসছি। যত টাকাই লাগুক না কেন, আমরা আরো ভ্যাকসিন নিয়ে আসবো’, বলেন প্রধানমন্ত্রী।

মহামারি করোনা মানবিক সহায়তার অংশ হিসেবে নিম্নআয়ের প্রায় সাড়ে ৩৬ লাখ পরিবারের মাঝে নগদ দুই হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামের জেলা প্রশাসকরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে।

যতক্ষণ করোনার টিকা বাজারে আছে ততক্ষণ সরকার তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকটা ভ্যাকসিনের ডোজ অর্থ খরচ করে সংগ্রহ করছি। কিন্তু জনগণের জন্য আমরা এ সকল ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছি।

প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, করোনার টিকা নেয়া হোক বা না নেয়া হোক, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।