যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হামাস: হামাসের প্রধান
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের মুখে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা দৃঢ়চেতা অবস্থানে রয়েছে।
মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরায়েল সরকার যতদিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার ঘৃণ্য অপরাধযজ্ঞ বন্ধ না করবে এবং পবিত্র জেরুজালেম আল-কুদস শহর ও আল আকসা মসজিদের ওপর দখলদারিত্বের অবসান না ঘটাবে, ততদিন পর্যন্ত হামাস যোদ্ধারা প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তার আগ্রাসন এবং সহিংসতা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তার জবাব দেয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি জনগণকে রক্ষার অধিকার হামাসের রয়েছে।
গাজা উপত্যকা থেকে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের রাজধানী তেল আবিবে একসাথে যে ১৩০টি রকেট হামলা চালিয়েছে তার ভূঁয়সী প্রশংসা করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, পবিত্র জেরুজালেম ও আল আকসা মসজিদ রক্ষায় আমরা বিজয় লাভ করেছি এবং যুদ্ধ কিংবা শান্তি যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।