যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের নেতা খুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। তাকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তি হলেন ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক হাবু (৩৫)।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে কয়েকজন তরুণ তাকে আক্রমণ করে। এরপর তাকে ছুরি মেরে তারা পালিয়ে যায় বলে। এই তথ্য দেন সংগঠনটির একই ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।
স্থানীয়রা রক্তাক্ত হাবুকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, ফুটপাতে বৈদুতিক লাইন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।
জানা গেছে, হাবু কাঁচামালের ব্যবসা করতেন। আগের দিন বিদ্যুতের লাইন নিয়ে স্থানীয় কিছু তরুণের সঙ্গে তার দ্বন্দ্ব হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার কাছ থেকে জানা যায়, ময়নাতদন্তের জন্য হাবুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।