যানজট নিরসনে ৮টার পর দোকান বন্ধের পক্ষে মেয়র তাপস
রাজধানী ঢাকার সড়কের যানজট নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার পর দোকানপাট বন্ধের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। শুধু তাই নয়, এটা কার্যকর করা গেলে সবাই পরিবরারকে বেশি সময় দিতে পারবেন। পারিবারিক বন্ধন সুদৃঢ় হবে বলে বিশ্বাস মেয়রের।
আজ সোমবার মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে এই মত দেন শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, ‘এখন দেখা যায়, অনেক ব্যবসায়ী তার প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন। বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।’
এর অন্য দিকের কথা টেনে মেয়র ফজলে নূর তাপস বলেন, ‘রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসা ছাড়াও আরও বেশ কিছু ভালো দিক কিন্তু আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।’
তার যুক্তি, ‘দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে, আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন।’