শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের হামলায় নিহত ৩০ সেনাসদস্য

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2021, 06:43 বিকাল • 290 বার পঠিত
ইয়েমেনে হুতিদের হামলায় নিহত ৩০ সেনাসদস্য

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে হুথি বিদ্রোহীরা বিস্ফোরক ড্রোন ও ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন সেনা সদস্য। আহত হয়েছেন আরো ৬০ জন।

ইয়েমেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় ইউনিটের মুখপাত্র মোহাম্মদ আল নাকীব সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, হতাহতরা সবাই সৌদি-আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য।

তিনি জানান, রোববার লাজ প্রদেশের আল আনাদ এলাকার সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেন থেকে আল আনাদের দূরত্ব ৭০ কিলোমিটার।

আল-আনাদের ওই সামরিক ঘাঁটির নিহত ও আহত সেনারা অধিকাংশই সৌদি সেনাবাহিনীর সদস্য এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে  বলে রয়টার্সকে জানিয়েছেন নাকীব। হামলায় কোনো বেসামরিক সদস্য হতাহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত ৭ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত ও বিপর্যস্ত ইয়েমেনে অস্থিরতার সূত্রপাত হয় ২০১৪ সালে, যখন দেশটির আব্দ-রাব্বু মানসুর হাদির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা।

হাদির সরকারকে ফের ক্ষমতাসীন করতে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সৌদি-ইয়েমেন-আমিরাত সামরিক জোট।

কিন্তু এই অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্রতর হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং একদা স্বচ্ছল এই দেশটি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছেন।