ভ্যাকসিনের প্রতি আগ্রহী করতে চমকপ্রদ প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্যাকসিন নিতে আগ্রহী করার জন্য চমকপ্রদ বিভিন্ন ধরনের ঘোষণা দিচ্ছে দেশটির সরকার। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তার আগেই যাতে দেশের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ করোনা টিকার একটি ডোজ হলেও পায়, তার জন্য পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।
এরইমধ্যে পুরো জুন মাসকে পদক্ষেপ গ্রহণের মাস বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। চলতি মাসে যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব টিকা দেয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। সাধারণ মানুষের মধ্য থেকে করোনার টিকা নেয়ার বিষয়ে যে অনীহা রয়েছে, তা দূর করতে এরইমধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এমন একাধিক লোভনীয় প্রস্তাব। কোথাও আর্থিক উপহার দেয়া হচ্ছে, কোথাও দেয়া হচ্ছে স্পোর্টস টিকিট, প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে এক বোতল করে বিয়ার দেয়া হচ্ছে। আবার কোনো কোনো অফিস কর্মচারীদের বেতনসহ ছুটিও দিচ্ছে।
এক পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬২.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ টিকার দু'টি ডোজ নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে দৈনিক টিকা গ্রহণের হার কমেছে। প্রতিদিন গড়ে ৬ লাখেরও কম মানুষ টিকা পাচ্ছেন। এই সংখ্যা আগে ছিল ৮ লাখেরও বেশি। এপ্রিলের প্রথম দিকে প্রায় ২ মিলিয়ন মানুষকে টিকা দেয়া হচ্ছিল।