ভয়াবহ বন্যা থেকে রক্ষা পেতে সিলেটে মসজিদে মসজিদে বিশেষ দোয়া
ভয়াবহ বন্যা থেকে রক্ষা পেতে সিলেটের প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত শনিবার রাতে সিলেটের বিভিন্ন উপজেলার মসজিদে মাইকিং করে দোয়ায় অংশ নিতে সকল মানুষকে আহবান করা হয়েছে।
বাদ এশা সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলার মসজিদে মাইকিং করে বলা হয়েছে- ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পরিস্থিতি আরো ভায়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মহাবিপদ থেকে রক্ষা পেতে রোববার বাদ যোহর মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে সকল বয়সী মানুষকে অংশ নিতে আহবান জানানো হয়।
জানা যায় টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে গত বুধবার থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এ দিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। তলিয়ে যায় সিলেট নগরের বেশির ভাগ এলাকা।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। সড়কসহ এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে।
শুধু তাই নয় সারা দেশের সঙ্গে আকাশ ও রেলপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট।