ভুয়া চ্যানেলে নিয়োগকারী প্রতারক চক্রের আট সদস্যকে আটক
ভুয়া চ্যানেলে সাংবাদিক-প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের আট সদস্যকে আশুলিয়া থেকে আটক করেছে র্যাব। ২০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি উনু মংয়ের নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল তাদের আটক করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, আশুলিয়া থানার বিপরীত পার্শ্বে বিশ্বাস টাওয়ারের পঞ্চম তলায় শাহী ডিজিটাল গ্রুপের অফিসে অভিযান পরিচালনা করে এসডি ফাউন্ডেশন প্রতিষ্ঠানে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ওই আট সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের থেকে ভুয়া প্রতিষ্ঠানের আটটি সাদা রঙয়ের টি-শার্ট, একটি ডিজিটাল ব্যানার, ২৫ পাতার এসডি সিকিউরিটির জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, দুটি ওয়াকিটকি, ১৫টি কার্ডের ফিতাসহ Shahi Digital Group, SD Security Ltd, SD Outsourcing Ltd, SD Foundation ও SD tv লিখা সংবলিত একটি কার্ড ও বক্স উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক চক্রটি শুধুমাত্র ফেসবুক আইডির মাধ্যমে ‘এসডি টিভি’ নামে সরকারি নিবন্ধন বা নিজস্ব ওয়েবসাইটবিহীন ভুয়া চ্যানেল ও ‘দৈনিক জয় সংবাদ’ নামে ভুয়া পত্রিকার জেলা সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার, নিরীহ যুবক এবং ভুক্তভোগীদের থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।