ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় সাত জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশীদের অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ইতালির দ্বীপ লাম্পেদুসা থেকে ৮ কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায়।
জানা যায়, নৌকাটির ৪৬ জনকে জীবিত উদ্ধার করে ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে নিয়ে যাওয়া হলেও এখনও ৯ আরোহী নিখোঁজ রয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষকে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে দেখা যাচ্ছে।
অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে ঢোকার অন্যতম প্রধান পথ ইতালিতে মাঝে এই আগমনের সংখ্যা কিছুটা কমলেও, এ বছর আবার তা বাড়তে শুরু করেছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইতালিতে প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসন প্রত্যাশী পৌঁছেছে; গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭০০'র সামান্য বেশি।