ভুটানের রাজধানী থিম্পুতে জারি করা হয়েছে সর্বাত্মক লকডাউন
মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই ভুটানের রাজধানী থিম্পুতে জারি করা হয়েছে সর্বাত্মক লকডাউন। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হঠাৎ করোনার সংক্রমণ বাড়তে থাকায় শনিবার থেকেই সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে থিম্পু শহরে। এই ব্যবস্থা চলবে টানা ৭২ ঘণ্টা।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, থিম্পুর একটি স্কুলে করোনার অ্যান্টিজেন টেস্ট চলছিল। সেই পরীক্ষায় এক শিক্ষার্থীর দেহে করোনা শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে রাজার নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা লোটে শেরিং। এরপরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দেয়া হয় চার দিনের সর্বাত্মক লকডাউন।
করোনায় বিশ্ব থেকে প্রায় নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে ভুটান। করোনায় বিপর্যস্ত ভারতের চারটি রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, অরুনাচল প্রদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভুটানের। এর মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে চিন্তিত ভুটান সরকার।
দেশের দক্ষিণ অংশের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ নিবিড়। সেসব এলাকায় বিশেষ করোনা পরীক্ষা চলছে। গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি জেলা থেকে সংক্রমণ বৃদ্ধির খবর এসেছে। এবার রাজধানী থিম্পুতে করোনার সংক্রমণ হতেই লকডাউন দেওয়া হলো।
পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগের অন্যতম ফুন্টশোলিং শহরের গেট বন্ধ রেখেছে দেশটি। দক্ষিণ এশিয়ার অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র এখনই সম্পূর্ণ খুলবে না বলেই জানিয়েছে ভুটান।