শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময়সূচি জানালো নির্বাচন কমিশন

মোহাম্মদ খাইরুল আমিন • 20 আগস্ট 2025, 09:15 রাত • 377 বার পঠিত
ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময়সূচি জানালো নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে, যা দেশের জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে এবং তা গত ২৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুসারে জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণের জন্য গেজেটে তা কমপক্ষে ২৫ দিন পূর্বে প্রকাশ করার বিধান রয়েছে।

এই নীতিমালার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকা ভিত্তিক খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, উক্ত তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১২ অক্টোবরের মধ্যে এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে এবং সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে ২০ অক্টোবর ২০২৫ তারিখে।

উল্লেখিত সময়সূচি অনুসারে এবং ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা-২০২৫’ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত ছকের ভিত্তিতে খসড়া ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য (সফটকপিসহ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।