ভোটের রাজনীতি অপরিহার্য: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা দেশের প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছেন। দেশের মানুষের ভাগ্য ফিরিয়ে আনতে স্থিতিশীলতা প্রয়োজন। তবে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বিএনপি এখনো অন্তর্বর্তী সরকারকে সাহায্য করছে এবং আশা করে যে তারা নিরপেক্ষতা বজায় রাখবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত এই সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশে কিছুদিন ধরে অস্থিরতা লক্ষ্য করছি। আজ যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তাদের ভূমিকা নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। আমরা প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছি, কারণ আমরা চেয়েছিলাম তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। কিন্তু এখন তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য আমাদের উদ্বিগ্ন করছে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিভেদ সৃষ্টি করা যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতন্ত্র।”
তারেক রহমান বলেন, “নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, সেটাও বিশ্লেষণ করা দরকার। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। যদি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, তবে জনগণ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ থাকবে। ভোটের অধিকার নিশ্চিত হলে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে। রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত জনগণকে দলের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করা। এজন্য ভোটের রাজনীতি অপরিহার্য। তবে অনেকেই এই বাস্তবতাকে সহজভাবে নিতে পারেন না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এছাড়া মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আবু-টিপু, দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, এডভোকেট সাবেরা আলাউদ্দিন, ভিপি আসিকুর রহমান ওয়াসীম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আনির, ভিপি জসিম উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।