শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোটের প্রস্তুতি মে-জুনের মধ্যেই সম্পন্ন: বিএনপিকে জানালো ইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 09 ফেব্রুয়ারি 2025, 07:39 বিকাল • 215 বার পঠিত
ভোটের প্রস্তুতি মে-জুনের মধ্যেই সম্পন্ন: বিএনপিকে জানালো ইসি

আগামী মে-জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে ও মতবিনিময়ের জন্য এ বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ইসি তাদের জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করে মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তবে তিনি উল্লেখ করেন, নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির হাতে নেই। তিনি বলেন, "বর্তমান সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সরকার অনুরোধ জানালে তবেই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে পারবে।"

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান। ইসির পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ।

নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, "নির্বাচনের ঘোষণা দেওয়ার ক্ষমতা ইসির নেই, কারণ এটি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমাদের আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক রয়েছে, সেখানে এ বিষয় নিয়ে আলোচনা করব।"

বিএনপি নেতা জানান, ইসির তথ্য অনুযায়ী, প্রায় ৩০ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হবে। তবে এর মধ্যে প্রায় ১৫ লাখ মারা গেছেন, যা বাদ দেওয়া হবে। বাকিরা তালিকায় যুক্ত হবেন। এছাড়া, মৃত ভোটারদের সঠিকভাবে শনাক্ত করতে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপির মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, "আমরা বুঝতে পারছি, তারা আইনি কাঠামোর মধ্যে থেকে সঠিকভাবে কাজ করছে। তবে নির্বাচন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে।"

তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন বা আমরা কেউই এমন কোনো সুপারিশকে সমর্থন করব না যা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।"