শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোট ইভিএমে না ব্যালটে, সিদ্ধান্ত নেবে ইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 10 মে 2022, 02:28 দুপুর • 256 বার পঠিত
ভোট ইভিএমে না ব্যালটে, সিদ্ধান্ত নেবে ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার মতো সামর্থ্য এ মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) নেই। কত আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে সে সিদ্ধান্তও এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ব্যাপারটা পর্যালোচনাধীন।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনের পর প্রধান নির্বাচস কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি এসব কথা বলেন। 

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোট গ্রহণ কিভাবে হবে, ইভিএমে কিভাবে হবে, ব্যালটে কিভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে হবে—এ ব্যাপারে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। ব্যাপারটি পর্যালোচনাধীন।’

এর সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে নির্বাচন কমিশনের ৩০০ সংসদীয় আসনে ইভিএমে ভোট করার সামর্থ্য নেই। এখন পর্যন্ত একশর মত আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা ইসির আছে। 

আগামী বছরের শেষ দিকে হবে দ্বাদশ সংসদ নির্বাচন। গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তাতে বোঝা যায় ইভিএমে নির্বাচন তার পছন্দ। 

কিন্তু বিএনপি বরাবর ইভিএমে নির্বাচন করার বিরোধিতা করে আসছে। জাতীয় পার্টিও খুব একটা আগ্রহ দেখায়নি। 

দলগুলো তাদের মতামত দিতে পারে। সেটা শুনবে ইসি। চূড়ান্ত সিদ্ধান্ত তাদের জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যত দূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আলটিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’ 

আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা ইতোমধ্যে অনেকগুলো সভা করেছি। সময় হলে সিদ্ধান্ত হবে। ভোট আমরা পরিচালনা করব, এটা আমাদের এখতিয়ার, পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত।’