শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ভোর ৬টা থেকে চলছে বাম গণতান্ত্রিক জোটের হরতাল, পল্টনে অবরোধ

মোহাম্মদ খাইরুল আমিন • 25 আগস্ট 2022, 09:09 সকাল • 314 বার পঠিত
ভোর ৬টা থেকে চলছে বাম গণতান্ত্রিক জোটের হরতাল, পল্টনে অবরোধ

জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য , ইউরিয়া সার ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের হরতাল শুরু হয়েছে।  

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ হরতাল।

জানা যায়, হরতালের সমর্থনে কেন্দ্রীয়ভাবে পল্টন মোড়সহ আশেপাশের এলাকায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা সমবেত হয়ে পিকেটিং এবং প্রচারণা চালাচ্ছেন। প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন এলাকায় হরতাল সফল করতে জমায়েত হবেন।  এছাড়াও ঢাকার বিভিন্ন থানায় জোটের নেতাকর্মীরা হরতাল সফল করতে সমবেত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।  

গত (২৪ আগস্ট) পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারা দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে আছি, হরতাল আহ্বান করেছি। সারা দেশের মানুষ আমাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে।  

 বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে।  তিনি আরও জানান, হরতাল চলাকালীন সময়ে হাসপাতাল, জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবার হোটেল হরতাল কর্মসূচির আওতার বাইরে থাকবে। সংবাদ সম্মেলন থেকে তিনি দেশবাসীকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত রাজপথে থেকে হরতাল সফল করার আহ্বান জানান।