শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ভোলায় ৬ ঘণ্টা পর বিএনপির হরতাল প্রত্যাহার

মোহাম্মদ খাইরুল আমিন • 04 আগস্ট 2022, 03:20 দুপুর • 574 বার পঠিত
ভোলায় ৬ ঘণ্টা পর বিএনপির হরতাল প্রত্যাহার

ভোলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। শুরুর ছয় ঘণ্টা পর হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। 

রোববার পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। একজন জেলা ছাত্রদলের সভাপতি, অন্যজন স্বেচ্ছাসেবক দলের নেতা। তাদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ভোলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। 

গতকাল গোলাম নবী আলমগীর তার বাসায় বিএনপির জেলা নেতাদের নিয়ে  জরুরি সভা করেন। এরপর হরতালের ঘোষণা দেন। আজ সকাল থেকে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়। হরতাল চলছিল বলে শহরের বেশিরভাগ সড়কে সব ধরনের যান চলাচল প্রায় বন্ধ ছিল। তবে শহরের বাইরে বিএনপি এই হরতাল শিথিল রেখেছিল। অবশ্য বেশিরভাগ জায়গায় দোকানপাট খুলতে দেখা যায়নি।  

শহরের সদর রোডের মহাজনপট্টি এলাকায় জেলা বিএপির কার্যালয়। সকাল থেকে সেটির সামনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌঁছায় সেখানে। 

প্রসঙ্গত, গত রোববার গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ভোলা জেলা দল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ তাতে বাধা দেয় এবং এক সময় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে একজন সেদিন মারা যান, অন্য একজন গতকাল মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ওই সংঘর্ষের ঘটনায় এই দুজনের মৃত্যু হয়।