শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোলা জেনারেল হাসপাতালে হুমকির প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 13 এপ্রিল 2025, 02:39 দুপুর • 270 বার পঠিত
ভোলা জেনারেল হাসপাতালে হুমকির প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করছেন। চিকিৎসকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে আজ রোববার সকাল থেকে পূর্বঘোষণা ছাড়াই তাঁরা এ কর্মসূচি শুরু করেন। এর ফলে হাসপাতালের ভর্তি ও বহির্বিভাগীয় চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। তবে পুলিশের পাহারায় জরুরি বিভাগ চালু রাখা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত চিকিৎসক ও নার্সরা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শেখ আবু সুফিয়ানকে (রুস্তম) তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মুজিবুল হকের স্ত্রী আলেফা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি হন এবং রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসককে পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয়। স্বজনেরা এরপর চিকিৎসকদের হুমকি দিয়ে চলে যান। আজ সকালেও তাঁরা হাসপাতালে এসে চিকিৎসকদের খোঁজ করেন। এ ঘটনার পরপরই চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।

এর আগে, শুক্রবার দুপুরে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসা ধনিয়া ইউনিয়নের মাকসুদুর রহমান (৪২) চিকিৎসকের অনুপস্থিতিতে মারা যান। চিকিৎসক জুমার নামাজে থাকায় দেরি হয়। পরে ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসক নাঈমুল হাসনাতসহ কয়েকজন কর্মচারীকে মারধর করেন। পুলিশ এসে তাঁদের নিরাপদে সরিয়ে নেয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শেখ আবু সুফিয়ান বলেন, "হামলার ঘটনায় চিকিৎসকেরা এলাকা ছাড়ছেন। ৬০ জন চিকিৎসকের স্থলে মাত্র ২০ জন কর্মরত আছেন। নার্সদের মধ্যে আছেন মাত্র ৩০ জন। এমন পরিস্থিতিতে রোগীর স্বজনদের হামলা ও হুমকি স্বাস্থ্যসেবাকে চরমভাবে ব্যাহত করছে।"

তিনি আরও বলেন, "চিকিৎসকেরা ধর্মঘট ডাকেননি। হুমকির কারণে আমাকে ঘেরাও করে রেখেছেন। নিরাপত্তা নিশ্চিত না হলে তাঁরা দায়িত্বে ফিরবেন না। পুলিশি পাহারায় আপাতত জরুরি বিভাগ চালু আছে।"

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, "চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে।"