ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ১৫২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে তদারকিমূলক অভিযানে সারাদেশে ১৫২টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সারাদেশে আজ ১০৭টি পাইকারি ও খুচরা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ১৫২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বাজার তদারকির সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য ও ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্যও ওষুধ বিক্রি করাসহ ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির ন্যায্য মূল্যের ৩১টি ট্রাকসেল তদারকি করা হয়।
রাজধানীর বিভিন্ন বাজারে তিনি নিজে এ অভিযান পরিচালনা করেন। এছাড়া ঢাকার বাইরে ৫৭ জন কর্মকর্তা বিভাগের উপ-পরিচালক ও জেলা সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।