শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে বললেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2022, 04:39 দুপুর • 240 বার পঠিত
ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে বললেন প্রধানমন্ত্রী

ভোজ্যতেল আমদানীর ওপর নির্ভরতা কমাতে হবে। যেতে হবে উৎপাদনে। আর সে জন্য দেশেই সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন। 

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষ হলে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

নিজের সরকারী বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় সভাটি। এটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ভোজ্যতেলের আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে এবং সয়াবিন চাষ করতে হবে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পটিতে ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। প্রকল্প অনুমোদনের সময় সেখানে বাদামসহ তেল বীজ উৎপাদনে যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। সেখানে তেল বীজ উৎপাদনে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। দরকার হলে আরও গবেষণার মাধ্যমে তেল বীজ উৎপাদনের বিষয়টি সারাদেশে ছড়িয়ে দিতে বলেছেন তিনি।