ভৈরবে ১২ মামলার আসামি নৌ-ডাকাত গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে ১২টি মামলার পলাতক আসামি কুখ্যাত নৌ-ডাকাত তাহেরকে (গরু তাহের) গ্রেফতার করেছে নৌ পুলিশের একটি টিম। নৌ ডাকাত ভবানীপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
জানা যায় গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নদীপথে ডাকাতির ঘটনায় ১২টি ডাকাতির মামলার অভিযোগ রয়েছে তার নামে। গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার এসআই মো. রাসেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভবানীপুর থেকে কুখ্যাত নৌ ডাকাত তাহেরকে আটক করা হয়।
এদিকে ভৈরব নৌ-থানার এসআই মো. রাসেল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান নৌ-ডাকাত তাহের ডাকাতদলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতিসহ থানায় বিভিন্ন অপরাধে ১২টি মামলা আছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও নৌপথে ডাকাতি প্রতিরোধে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।