শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ভিডিও কলে পণ্য বিক্রি করা যাবে?

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2026, 04:11 দুপুর • 118 বার পঠিত
ভিডিও কলে পণ্য বিক্রি করা যাবে?

আমি রবিন ইসলাম তালুকদার। আমি ঢাকার দিনাজপুর শহরে থাকি। আমি অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত। অনেক সময় আমি ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখিয়ে অনলাইনে তা বিক্রি করে। আমার প্রশ্ন হলো, ভিডিও কলে পণ্য দেখিয়ে তা বিক্রি করা জায়েজ আছে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, ভিডিও কলের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় ক্রয়-বিক্রয় সংক্রান্ত ইসলামী শরিয়তের যাবতীয় শর্তগুলো রক্ষা করা হলে তা জায়েজ বা বৈধ বলে গণ্য হবে। যেমন পণ্য ও মূল্যের এমন বিস্তারিত বিবরণ প্রদান করা যাতে কোনো ধরনের অস্পষ্টতা অবশিষ্ট থাকে না, কোনো ফাসিদ শর্ত আরোপ না করা ইত্যাদি। সুতরাং পণ্য যদি বিক্রেতার মালিকানাধীন হয়, ক্রেতা মোবাইল বা অ্যাপের মাধ্যমে পণ্যের ছবি ও ভিডিও দেখে তা ক্রয় করে, অতঃপর ক্রেতা মূল্য পরিশোধ করে তা গ্রহণ করে, বেচাকেনা বিশুদ্ধভাবেই সম্পন্ন হবে। যেহেতু ছবি বা ভিডিও কলের মাধ্যমে পণ্যের বাস্তব অবস্থা পুরোপুরি বোঝা যায় না, তাই ক্রেতা পণ্য হাতে পাওয়ার পর খেয়ারে রুইয়াত বা দেখার পর ফেরত দেওয়ার অবকাশ লাভ করবে।

তবে ভিডিও কলের মাধ্যমে বাইয়ে সরফ (স্বর্ণ-রৌপ্য ও মুদ্রার বিনিময়) ও বাইয়ে সালাম (অগ্রিম ক্রয়-বিক্রয়) ছাড়া অন্য সব ধরনের বেচাকেনা করা জায়েজ। বাইয়ে সরফ তথা স্বর্ণ-রৌপ্য ও বিভিন্ন মুদ্রার ক্রয়-বিক্রয় নাজায়েজ হওয়ার কারণ হলো, বাইয়ে সফর শুদ্ধ হওয়ার জন্য ক্রেতা-বিক্রেতা উভয়ের এক মজলিসে উপস্থিত থাকা এবং নগদ লেনদেন করা শর্ত। কিন্তু ভিডিও কলের সময় শারীরিকভাবে ক্রেতা-বিক্রেতা এক মজলিসে উপস্থিত থাকে না। অন্যদিকে বাইয়ে সালামের ক্ষেত্রে তাত্ক্ষণিকভাবে মূল্য পরিশোধ করা আবশ্যক। অথচ ভিডিও কল বা অনলাইন ব্যবসার ক্ষেত্রে এই শর্ত প্রয়োগ করা সম্ভব নয়। 

আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু গ্রন্থে লেখা হয়েছে, ‘যদি একই সময়ে দুই পক্ষের ভেতর চুক্তিসম্পন্ন হয় এবং তারা উভয়ে দূরবর্তী স্থানে অবস্থান করে, তারা টেলিফোন বা ওয়ারলেসে কথা বলে, তবে তাদের চুক্তিকে উপস্থিত দুই ব্যক্তির চুক্তি হিসেবে গণ্য হবে। তাদের ক্ষেত্রে শরিয়ত কর্তৃক নির্ধারিত ক্রয়-বিক্রয় সংক্রান্ত শর্তগুলো প্রযোজ্য হবে।’ (আল ফিকহুল ইসলামী : ৭/৫১৭৫; বাদায়িউস সানায়ে : ৫/১৫৭; ফাতাওয়ায়ে শামি : ৫/১৪৭)

উল্লেখ্য, ভিডিও কলে পণ্য ক্রয়-বিক্রয় বৈধ হলেও এতে বেপর্দা হওয়া, মানুষ বা প্রাণীর অপ্রয়োজনীয় ছবি ব্যবহার ও প্রতারণার মতো নিষিদ্ধ বিষয়গুলো পাওয়া যায়। তাই যারা অনলাইনে ব্যবসা করেন তাদের উচিত এসব বিষয়ে সর্বোচ্চ থাকা।

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।