ভাসানচরে আমরা ভালো আছি
কক্সবাজারের উখিয়া-টেকনাফের ঘিঞ্জি রোহিঙ্গা শিবির ছেড়ে দুই দফায় ১ হাজার ৯৪৮ রোহিঙ্গা এখন বসবাস করছেন নোয়াখালীর ভাসানচরে।
সেখানে যাওয়া রোহিঙ্গারা জানান, খোলামেলা পরিবেশ, উন্নতমানের ঘর-বাড়ি এবং ভালো সুযোগ-সুবিধার মধ্যে তাদের দিনকাল ভালোই কাটছে ভাসানচরে।
অনেকেই ভাসানচরে গিয়ে সবকিছু দেখে মুগ্ধ, দারুণ উচ্ছ্বসিত। আবার অনেকেই তাদের স্বজনদেরও নিয়ে যেতে চান ভাসানচরে।
রোহিঙ্গা যুবক আমির হোসেন বলেন, কক্সবাজারে আমরা ছোট্ট একটি জায়গায় বসবাস করতাম। এখানে অনেক খোলামেলা পরিবেশ। ছেলে-মেয়েরা ইচ্ছেমতো খেলাধুলা করতে পারে, ঘুরতে পারে। এখানকার পরিবেশ যে এত সুন্দর তা জানতাম না। এখানে আমাদের দিনকাল আগের চেয়ে ভালো কাটছে।
কক্সবাজারের ক্যাম্পে সবসময় মারামারি-কাটাকাটি লেগে থাকে। কখন কী সমস্যা তৈরি হয়, মাথায় খুব টেনশন থাকতো, এখানে এই ঝামেলা নেই। অনেক ভালো আছি আমরা, বলেন আমির হোসেন।