ভারততে ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত
ভারততে ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের হিসাবে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ। একইদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭০০ জনের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান জানিয়েছে, গত রোববার সে দেশে প্রতি ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১০ হাজার ৮৯৫ জন এবং ৬২ জনের মৃত্যু হয়েছে প্রতি ঘণ্টায়। গত সোমবার সে সংখ্যাটা বেড়ে ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু যথাক্রমে ১১ হাজার ৪০৮ ও ৬৭। মঙ্গলবার অবশ্য সংক্রমণ সামান্য কমলেও (ঘণ্টায় ১০ হাজার ৭৯৮) ঘণ্টাপিছু মৃত বেড়ে দাঁড়িয়েছে ৭৩। মঙ্গলবার অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ২০ লাখের গণ্ডি পেরিয়েছে।
এর মধ্যে ৬২ দশমিক শূন্য ৭ শতাংশই পাঁচটি রাজ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ছত্তিসগড় ও কেরালা। দৈনিক সংক্রমণের মতোই দৈনিক মৃত্যুর তালিকাতেও শীর্ষে মহারাষ্ট্র। তবে, দৈনিক মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে দিল্লি থাকলেও দৈনিক সংক্রমণে মহারাষ্ট্রের পেছনেই উত্তরপ্রদেশ।