ভারতকে সহায়তার জন চিকিৎসা সরঞ্জাম পাঠালো ব্রিটেন
ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন গত রবিবার ঘোষণা দিয়েছে, ভারতকে সহায়তার জন ৬০০টিরও বেশি অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সহায়তা প্যাকেজে বিদেশি, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের অর্থায়ন থাকবে; এ ছাড়া বাড়তি মজুদ থেকে ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হবে।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটিশ সরকারের দেওয়া এসব সামগ্রী ভারতে গুরুতর করোনারোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
এদিকে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর প্রায় দিনই রেকর্ড সংক্রমণ ও মৃত্যু ঘটছে। এ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন জানায় ভারত। সে আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অক্সিজেন কনসেনট্রেটর এসেছে। ব্রিটেন থেকেও ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর এসেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, যুক্তরাজ্য থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে এসেছে। এ ছাড়া ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরও পাঠিয়েছে তারা। সাহায্য পাঠানোর জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছে ভারত।