শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের মানচিত্র নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে টুইটার

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2021, 08:10 রাত • 243 বার পঠিত
ভারতের মানচিত্র নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে টুইটার

ভারতের মানচিত্রকে পাল্টে দিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা দেশ হিসেবে দেখিয়েছে টুইটার। সম্প্রতি টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র আপলোড করা রয়েছে সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেখানো হচ্ছে ভারতের মানচিত্রের বাইরে। এ নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

শুরুতে ভারতীয় এক ব্যক্তি দাবি করেন, টুইটারে ভারতের যে ম্যাপ দেখাচ্ছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত নেই। তার অভিযোগ টুইটারের নিজস্ব ওয়েবসাইটে জম্মু -কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক দেশ হিসাবে দেখাচ্ছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

টুইটারের এমন আচরণে নড়েচড়ে বসেছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে মোদি প্রশাসন।

নতুন ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে টুইটারের সঙ্গে বিরোধ চলছে ভারতের। নতুন এ আইনে ইন্টারনেটে প্রকাশিত যাবতীয় লেখা, ভিডিও এবং পোস্টের উৎস সরকারকে জানানোর নির্দেশ রয়েছে। কিন্তু টুইটারের দাবি, এই আইন সংবিধানে উল্লেখিত বাক স্বাধীনতার পরিপন্থী।

এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল টুইটার। পরে অবশ্য সেই ভুল শুধরে নিয়েছিল মাইক্রোব্লগিং সাইটটি। কিন্তু ফের একই কাজে প্রশ্নের মুখে পড়েছে টুইটার।