ভারতের হাসপাতাল থেকে ৩১ জন করোনা রোগীর পলায়ন
অনলাইন নিউজ পোর্টাল
•
23 এপ্রিল 2021, 06:09 বিকাল
•
655 বার পঠিত
ভারতের ত্রিপুরা রাজ্যের এক হাসপাতালের করোনা কেয়ার সেন্টার থেকে অন্তত ৩১ জন করোনা রোগী পালিয়েছে। তাদের খুঁজে বের করতে বড় ধরনের অভিযান শুরু করেছে ত্রিপুরা পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশের নজর এড়িয়ে ওই করোনা হাসপাতালের জানালা ভেঙে ৩১ জন রোগী পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম ত্রিপুরার অরুন্ধতী নগরের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেষ কুমার যাদব।
ত্রিপুরা সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার অনির্বাণ দাস জানিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গসহ আরো বেশ কয়েকটি রাজ্য থেকে ত্রিপুরায় আসা যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় প্রায় ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সংক্রমণ রুখতে তাদের ওই পিআরটিআই কোভিড কেয়ার হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়।