ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ‘ভুল’ অভিযানে ১৪ জন নিহত
ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ‘ভুল’ অভিযানে এক সেনা সদস্য এবং ১৩ নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মিয়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডে ওই অভিযান চালানো হয়।
জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যন্ডের মন জেলায় তিরু-ওটিং গ্রামে একটি পিক-আপ ভ্যানে ফিরছিলেন গ্রামবাসীরা। সে সময় তাদের সন্ত্রাসী ভেবে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এরপরেই বিক্ষুব্ধ গ্রামবাসী নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, সে সময় পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে অন্তত সাতজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর কমপক্ষে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এই ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।