ভারতে যাওয়ার পথে বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক
চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুস সামাদ ওরফে আজাদকে (৩১) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সাতটি মামলা রয়েছে।
আবদুস সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, আটকের পর আবদুস সামাদকে সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল বন্দর থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, বিষয়টি মৌলভীবাজার সদর থানায় জানানো হয়েছে এবং সেখান থেকে পুলিশের একটি দল বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে। রাতেই তাঁকে মৌলভীবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।