ভারতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস
ভারতের কোনো কোনো অঞ্চল এখন তীব্র তাপদাহে পুড়ছে। রোববার একাধিক স্থানে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার চেয়েও বেশি রেকর্ড করা হয়েছে। রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা তাপে জ্বলছে-পুড়ছে।
এর মধ্যে অবশ্য দেশটির আবহাওয়া অধিদপ্তর কেরালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। ৫টি জেলায় তাই রেড অ্যালার্টও জারি করেছে।
দিল্লির সফদরজংয়ে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিল্লির উত্তরপশ্চিমের মুঙ্গেশপুরে এবং দিল্লির দক্ষিণপশ্চিমের নজফগড়ে যথাক্রমে ৪৯.২ ও ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
হরিয়ানার গুরুগ্রামে ৪৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৬৬ সালের ১০ মের পর এটাই এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা। সেবার অবশ্য তাপমাত্রা পৌছেছিল ৪৯ ডিগ্রিতে।
এদিন উত্তর প্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের বান্দা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। বান্দায় মে মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এটি। আর এর আগে ১৯৯৪ সালের ৩১ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
রাজস্থানের চুরুতে ৪৭ দশমিক ৯ এবং পিলানিতে ৪৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু ১ মার্চ থেকে দিল্লি বলার মতো কোনো বৃষ্টিপাতের দেখা পায়নি।